বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে রোববার শুরু হতে যাওয়া ম্যাচে স্বাগতিকদের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সাইমন হার্মার। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ^াসী দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নয়। দলের পেসার কাগিসো রাবাদা সতীর্থদের সতর্ক করে বলেছেন, আত্মতুষ্টিতে ভুগলে বিপদে পড়তে হতে পারে।
প্রথম টেস্টের একদিন আগে ঘোষিত দক্ষিণ আফ্রিকার একাদশে রয়েছেন এইডেন মার্করাম, মার্কোস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, মার্কো জানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন। চার পেসার হিসেবে খেলবেন জানসেন, রাবাদা, প্যাটারসন ও মুল্ডার। স্পিন আক্রমণে থাকছেন শুধু হার্মার।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর কোনোটিতেই জয়ের দেখা পায়নি দলটি। তবে প্রতিপক্ষের অতীত রেকর্ড দেখে আত্মতুষ্টিতে ভুগতে চান না রাবাদা। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।
ঘরের মাঠে সিরিজ নিয়ে ৩১ বছর বয়সী এই পেসার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সিরিজেই অনেক কিছু পাওয়ার থাকে। তাই কোনো সিরিজকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। আগের সিরিজের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে বলে আশা করছেন তিনি। এতে টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহও ফুটে উঠবে বলে মনে করেন রাবাদা।
বাংলাদেশের বিপক্ষে সতর্ক থাকার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। রাবাদার ভাষায়, অতীতে কিছু ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। কখনোই কখনোই আত্মতুষ্টিও এর কারণ হয়েছে। এবার সেই ভুল এড়িয়ে নিজেদের মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই সিরিজের গুরুত্ব রয়েছে। তবে আপাতত সিরিজের ফল নিয়ে ভাবতে চান না রাবাদা। তাঁর মনোযোগ নিজেদের খেলার ধরন ও জয়ের জন্য প্রয়োজনীয় মানসিকতা ধরে রাখার দিকে। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে দুই টেস্টে ১০ উইকেট নিয়ে বাংলাদেশ সিরিজের আগে ভালো ছন্দে আছেন রাবাদা। সেই সিরিজে দক্ষিণ আফ্রিকার ২-১ ব্যবধানের জয় টেস্ট ক্রিকেট নিয়েও নতুন করে আগ্রহ তৈরি করেছে। বাংলাদেশের বিপক্ষেও একই রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চান তাঁরা।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ব্যক্তিগত একটি অর্জন নিয়েও উচ্ছ্বসিত রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সবশেষ টেস্টে ৩৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খরচ করে এই মাইলফলকে পৌঁছানোর রেকর্ড এখন তাঁর।
মাত্র ১৩ হাজার ৮০৮ বল করে ৩৫০ উইকেট নিয়েছেন রাবাদা। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৪ হাজারের কম ডেলিভারিতে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের লেগেছিল ১৪ হাজার ৭১৯ বল। এই তালিকায় পরের দিকে রয়েছেন ম্যালকম মার্শাল, ওয়াকার ইউনিস ও মিচেল স্টার্কের মতো কিংবদন্তি বোলাররা।
সাধারণত ব্যক্তিগত মাইলফলক নিয়ে খুব একটা ভাবেন না রাবাদা। তবে ৩৫০ উইকেটের এই রেকর্ডকে নিজের কাছে বিশেষ বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে রাবাদা বলেন, তরুণ বয়সে তাঁর ভাবনা ছিল শুধু মাঠে নামা এবং নিজের সামর্থ্য দেখানো। এখন পেছনে ফিরে তাকালে বুঝতে পারেন, ক্যারিয়ারে কত কিছু ঘটে গেছে। কেউ যখন ৩৫০ উইকেটের মতো অর্জনের কথা মনে করিয়ে দেন, তখন ভালো লাগে। এই রেকর্ড নিয়ে তিনি সত্যিই গর্বিত।
ব্যক্তিগত অর্জনকে বড় করে না দেখলেও এমন কীর্তি তাঁর কাছে স্বপ্ন পূরণের মতো। রাবাদা বলেন, হাইস্কুলের একজন কিশোর ক্রিকেটার যে মঞ্চে খেলার স্বপ্ন দেখে, সেখানে পৌঁছানোই ছিল তাঁর লক্ষ্য। সেই স্বপ্ন বাস্তব হয়েছে। সর্বকালের সেরা বোলারদের পাশে নিজের নাম দেখতে পাওয়াকে অবিশ^াস্য মনে করেন তিনি। এই পথচলা যেন অব্যাহত থাকে, সেটিও তাঁর প্রত্যাশা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে সেই ছন্দ ধরে রাখাই এখন রাবাদার লক্ষ্য। তবে প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের সেরাটা দেওয়ার ওপরই জোর দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
চার পেসার নিয়ে বাংলাদেশকে মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা, সতর্ক রাবাদা
