নিজস্ব সংবাদদাতা
জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬-এ চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেনের আলোচনার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। গত শুক্রবার ১৩ নভেম্বর জামালপুর জেলা পুলিশ লাইন মাঠে নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ লাইন গেটের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবা একরামুল হকের সঙ্গে কয়েকজন ব্যক্তি পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা লেনদেনের বিষয়ে আলোচনা করছিলেন। বিষয়টি জানতে পেরে ডিবি-১-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম। এ বিষয়ে ডিবি-১-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এখানে অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দিয়ে দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। পুলিশ আরও সতর্ক করে বলেছে, চাকরির আশায় প্রতারকদের হাতে কষ্টার্জিত অর্থ তুলে দেবেন না। চাকরির নামে অর্থ দেওয়া ও নেওয়া উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ।
জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা, আটক ৩
