জামালপুরে শিশু পাঠাগার ‘স্বপ্ন কানন’ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা
জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য নবনির্মিত পাঠাগার ‘স্বপ্ন কানন’ উদ্বোধন করা হয়েছে। ‘বইয়ের স্পর্শে জাগ্রত চিন্তা, পাঠে গড়ুক আগামী…’-এই স্লোগানকে সামনে রেখে পাঠাগারটি চালু করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: এসএম হুমায়ুন কবির সরকার। এ সময় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন। বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার কোনো বিকল্প নেই। ‘স্বপ্ন কানন’-এর মতো শিশু পাঠাগার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি করবে এবং তাদের চিন্তাশক্তিকে প্রসারিত করবে। শৈশব থেকেই পাঠাভ্যাস গড়ে উঠলে এরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্বে এগিয়ে আসবে।