জামালপুরে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা
‘মনের উপর চাপ কমান, পাবেন সবল দেহ খান’ এ স্লোগান সামনে রেখে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে চার দিনব্যপী মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এ কার্যক্রমে সহায়তা করছে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্ট্রমি ফাউন্ডেশন।
সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত চলমান প্রশিক্ষণের তৃতীয় দিন বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকালে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চিকিৎসা মনোবিজ্ঞানী ও পিএইচডি গবেষক রুমা খোন্দকার, একই বিভাগের চিকিৎসা মনোবিজ্ঞানী ও খন্ডকালিন শিক্ষক সালমা পারভীন। এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির শিক্ষা বিষয়ক কর্মকর্তা সায়েদুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আসা সিডস কর্মসূচির ২০ জন কাউন্সিলর অংশ নেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক বলেন চলমান বাস্তবতার নিরীখে দেখা যাচ্ছে উঠতি বয়সের ছেলেমেয়েরা অধীক মাত্রায় আবেগপ্রবন ও বিষন্নতায় ভুগছে। এতে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেকে বোলিং এবং মিথ্যা সংবাদ, ফেসবুকে ভিত্তিহীন স্ট্যাটাসের শিকার হয়ে হতাশাগ্রস্থ হচ্ছে। বর্তমান ছেলেমেয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে। তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় স্ট্রমি ফাউন্ডেশনের সহায়তায় উন্নয়ন সংঘের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নে কার্যক্রম হাতে নেয়াকে তিনি সাধুবাদ জানান। এ কার্যক্রম সফল করতে স্বাস্থ্য সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।
প্রশিক্ষণ সূত্র জানায় মানসিক স্বাস্থ্য সুস্থ থাকলে নিজের শক্তি ও সক্ষমতা বুঝতে পারা, চাপ মোকাবেলা করতে পারা, কর্মক্ষম ও উৎপাদনশীল থাকতে পারা এবং পরিবার ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতার প্রকাশ ঘটাতে পারবে।
প্রশিক্ষণে স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা, নির্দেশক, লক্ষণ, সমস্যা, সেবা, ভুল ধারণা, মানসিক অসুস্থতার কারণ, নিরসনে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণমূখী আলোচনা হয়।