পেশাগত জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নের জন্যও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের সমস্যা সমাধান, বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন এবং অন্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। গতকাল বুধবার ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) প্রতিষ্ঠানটির ১৯তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পেশাগত সাফল্য অর্জন গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশের প্রতিও তাদের দায়িত্ব সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কাজে লাগাতে হবে। তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে এগিয়ে যেতে এমন দক্ষ পেশাজীবী প্রয়োজন, যারা শুধু প্রযুক্তিগতভাবে যোগ্যই নন, বরং সৎ, উদ্ভাবনী এবং নিজেদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যেখানে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী হবে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এখন সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং তরুণ প্রজন্মকে আধুনিক, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের উপযোগী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতের প্রকৌশলী ও পেশাজীবীদের সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থান খুঁজে পাওয়া অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা ও সুযোগ থাকে। তাই শুধু প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ না থেকে নতুনভাবে ভাবতে হবে। তিনি আরও বলেন, নিজেদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মের দক্ষতা ও নতুন ধারণা দেশের নতুন শিল্প গড়ে তোলা এবং অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্যাভিনেতা আবুল হায়াত। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেশাগত সাফল্যের পাশাপাশি দেশের উন্নয়নেও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
