নাইজারে সশস্ত্র হামলায় ১৩ সেনা নিহত, আহত ২০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলীয় সানামে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় বাহিনীটির অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। গতকাল শুক্রবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার সকালে অসংখ্য ভারী অস্ত্রধারী সন্ত্রাসী ন্যাশনাল গার্ডের ওই ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এতে প্রাথমিকভাবে ১৩ সেনা নিহত ও ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সেনাদের পাল্টা প্রতিরোধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে, পাশাপাশি তাদের রসদ ও সরঞ্জামের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পলাতক হামলাকারীদের ধরতে ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। নাইজারের সংবাদমাধ্যম ‘অ্যাকটুনাইজার’ স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মালি সীমান্তসংলগ্ন তিলাবেরি অঞ্চলের সানামে এই হামলার ঘটনা ঘটে। ওই অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। তবে বৃহস্পতিবারের এই হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এর মাত্র দুই দিন আগেই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিফা অঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় ১১ সেনা নিহত হয়েছিলেন। এদিকে, নাইজারের প্রতিবেশী দেশ নাইজেরিয়াতেও সহিংসতার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ জন নিহত হন। কয়েকদিন আগে ফুলানি সম্প্রদায়ের বেশ কয়েকজনকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামলাকারীরা। অন্যদিকে, পুনর্র্নিবাচনের প্রচারণায় নেমে গত বুধবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বোকো হারাম ও আইএস-সংশ্লিষ্ট জঙ্গিদের দমনে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তথ্যসূত্র: আল-জাজিরা