পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব দাবি জানান। আতিকুর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচলিত ধারার কোনো শ্রমিক সংগঠন নয়। ১৯৬৮ সালের ২৩ মে ইসলামী শ্রমনীতির ভিত্তিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। মানবসৃষ্ট মতবাদ দিয়ে শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করে সংগঠনটি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের ভিত্তিতে শ্রমনীতি প্রণয়ন করা হলে শ্রমিকদের সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের সব শ্রমিকের কাছে সংগঠনের কার্যক্রম পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্দরের টার্মিনাল থেকে শুরু করে কোনো শ্রমিক অঙ্গনই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রমের বাইরে রাখা যাবে না। দেশের যেখানেই শ্রমিক থাকবেন, সেখানেই সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করতে হবে। পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, এ খাতে প্রায় ৪০ লাখ নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় তাদের ন্যূনতম মজুরি অন্তত ২০ হাজার টাকা হওয়া প্রয়োজন। কিন্তু সরকার ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করে সন্তুষ্টি প্রকাশ করছে। এ মজুরিতে তিন থেকে চার সদস্যের একটি পরিবারের জীবনযাপন কঠিন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের মানদণ্ড বিবেচনায় নিয়ে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানিয়েছিলেন তারা। এখনো মজুরি পুনর্র্নিধারণের সুযোগ রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে শ্রমিকদের মজুরি কম রাখার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার চুক্তি প্রসঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বলেন, শ্রমিক সংগঠনগুলোর আপত্তি উপেক্ষা করে সরকার বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। ওই চুক্তিতে দেশের শ্রমিকদের কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়েছে, তা তারা জানেন না। চুক্তিটি নিয়ে সরকারকে পুনরায় চিন্তাভাবনার আহ্বান জানান তিনি। দেশের শ্রমবাজারের চিত্র তুলে ধরে আতিকুর রহমান বলেন, প্রায় সাড়ে পাঁচ কোটি শ্রমিকের মধ্যে মাত্র ১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক খাতে এবং ৮৫ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। পোশাকশিল্পের বাইরে অন্যান্য খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সব খাতের জন্য একটি জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড ঘোষণা করতে হবে, যাতে কোনো খাতের শ্রমিকই নির্ধারিত মানের নিচে মজুরি না পান। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের শূন্য পদগুলো পূরণ করতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সব শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না দিয়ে সব সংগঠনের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, মজুরি বৃদ্ধি এবং তাদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করারও দাবি জানান তিনি। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের
