আইসিসি থেকে শাস্তি পেলেন মোহাম্মদ ইসহাক

আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইসহাককে শাস্তি দিয়েছে আইসিসি। খেলা চলার সময়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখানোর কারণে মিলেছে এই সাজা। তিরস্কারের পাশাপাশি ইসহাকের নামের পাশে একটি ডিমেরিট যুক্ত করেছে আইসিসি। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসহাকের সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে ইসহাককে। এই ধারা ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের’ সঙ্গে সম্পর্কিত। এশিয়ান গেমসের গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচে ইসহাকের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। আফগানিস্তানের ইনিংসের ১৫তম ওভারে ঘটনাটি ঘটে। এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে আম্পায়ার ইসহাককে আউট দেওয়ার পর তিনি হাত দিয়ে অঙ্গভঙ্গি করেন এবং নিজের পাঁজরের দিকে ইশারা করে সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। ইসহাক তার অপরাধ স্বীকার করে নেন এবং আইসিসির ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলের ভি. নারায়ণানকুট্টির প্রস্তাবিত শাস্তি মেনে নেন। যার ফলে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও কালিদাস বিশ^নাথন, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার ক্রিস থারগেট ইসহাকের বিরুদ্ধে অভিযোগ আনেন। ইসহাক লেভেল-১ পর্যায়ের অপরাধ করে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এসব ক্ষেত্রে সর্বোচ্চ ১ বা ২ ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফির ৫০% জরিমানা হতে পারে। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন মোহাম্মদ ইসহাক।