ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে এপ্রিলে দুর্ঘটনায় ১৬ নারীর মৃত্যুর ঘটনায় ইন্দোনেশিয়ার পুলিশ গতকাল মঙ্গলবার এক ট্রেনচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তার বিরুদ্ধে দুর্ঘটনা এড়াতে সময়মতো ব্রেক না করার অভিযোগ আনা হয়েছে। দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ২৮ এপ্রিল রাজধানীর বাইরে বেকাসি তিমুর স্টেশনের কাছে থেমে থাকা একটি কমিউটার ট্রেনের পেছনে থাকা নারীদের জন্য নির্ধারিত একটি বগিতে দূরপাল্লার একটি ট্রেন ধাক্কা দেয়। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। উদ্ধারকর্মীরা রাত পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো খুলে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। দূরপাল্লার ট্রেনটির ৩৭ বছর বয়সী চালকের বিরুদ্ধে এখন একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্তে দেখা গেছে, থেমে থাকা কমিউটার ট্রেনটির খুব কাছাকাছি এসে তিনি ব্রেক করেছিলেন। জাকার্তা পুলিশের কর্মকর্তা ই দেউয়া পুতু গেদে আনোম দানুজায়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, আরও দূর থেকে জরুরি ব্রেক প্রয়োগ করা সম্ভব ছিল।’ দেউয়া জানান, দোষী সাব্যস্ত হলে চালকের সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড হতে পারে। দুর্ঘটনায় নারীদের নির্ধারিত বগিটির ১৬ যাত্রী মারা যান। জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির (কেএনকেটি) এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় আরও ১০৭ জন আহত হন। প্রতিবেদনে বলা হয়, সংকেত ও যোগাযোগব্যবস্থার ত্রুটিসহ কয়েকটি কারণে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রেনচালককে গ্রেফতার করা হয়নি। বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় পরিবহন দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে বাস, ট্রেন ও জাহাজের অনেকগুলোই পুরোনো। এগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না।
জাকার্তায় ট্রেন দুর্ঘটনায় ১৬ নারীর প্রাণহানির ঘটনায় অভিযুক্ত চালক
