আওয়ামীলীগ শুধু বিদ্যুতের প্ল্যানই করেছে কীভাবে তা বাস্তবায়ন করবে তা বলেনি -এম. রশিদুজ্জামান মিল্লাত

খাদেমুল ইসলাম
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, গত পতিত আওয়ামীলীগ সরকার শুধু বিদ্যুতের প্ল্যানই করেছে কীভাবে তা বাস্তবায়ন করবে সুনির্দিষ্টভাবে তা বলেনি। নির্বাচনী প্রচারণায় যত রকম ওয়াদা করে ছিলাম তা পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবো। তারেক জিয়ার সরকার নতুন এক বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন। আমরা নতুন বাংলাদেশ গড়বো। দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলার সব কাচা সড়ক পাকা করবো। নদ-নদীর ভাঙনরোধ, পুল কালভার্ট নির্মাণ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ এলাকাবাসীর স্বার্থে যা যা করা দরকার সবই করবো ইনশাল্লাহ। এলাকায় মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি আমাদের। দেওয়ানগঞ্জ বকশীগঞ্জকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব ও মাসুদ হাবীব পলিন এবং উপজেলা যুবদল আহবায়ক মঞ্জু হোসাইনের সঞ্চালনায় শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ব্যারিস্টার শাহাদাৎ বিন শোভন, জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা সহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় পুরো মাঠে পানি ও কাদা জমেছিল। তা সত্যেও হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে অংশ নিয়ে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন।