পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলে সময়মতো সিদ্ধান্ত আসতো না। এখন সেই পরিস্থিতি বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিক সহযোগিতা দিচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল ভূমিকা পালন করছে। পুলিশ বাহিনীতে জনবল সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নতুন অর্থবছরে এ সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে। আইজিপি আলী হোসেন বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার: আইজিপি
