দুর্নীতি, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার মান নিয়ে ক্ষোভ থেকে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত শনিবার টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভে রাজধানী তিরানায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের ভিডিওতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে পুলিশের গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে। ঘটনাস্থলে রাবার বুলেটের ছররা পাওয়া গেছে। এগুলোর আঘাতে রয়টার্সের দুই সাংবাদিক ও কয়েকজন বিক্ষোভকারী আহত হন। সাম্প্রতিক দিনগুলোতে তিরানার কেন্দ্রীয় এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকে আগুন দিয়েছেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। আলবেনিয়ার পুলিশপ্রধান স্কেন্ডার হিতা রাবার বুলেট ব্যবহারের বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহৃত সব ধরনের উপায় সীমিতভাবে প্রয়োগ করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আচরণে ক্ষমতার অপব্যবহার ও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে দুর্নীতি, চাকরির অভাব ও শিক্ষার নিম্নমান নিয়ে মানুষের ক্ষোভ প্রতিফলিত হচ্ছে। গত বছর টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা রামার সরকারের জন্য এ বিক্ষোভ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় ১ হাজার ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৮৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। সংঘর্ষে বহু পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হয়েছেন। সূত্র: রয়টার্স
আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে রাবার বুলেট ছুড়েছে পুলিশ
