প্রতিপক্ষের জালে বায়ার্নের গোল বন্যা

বুন্দেসলিগায় নিজের শততম ম্যাচে গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন। একইসঙ্গে লুইস দিয়াজের হ্যাটট্রিকে লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ছাড়াও দিয়াজের হ্যাটট্রিক এবং বাকি দুটি গোল করেছেন আলেকসান্দার পাভলোভিচ ও মাইকেল ওলিসে। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভিনসেন্ট কোম্পানির দল। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন ৩ গোল করে। দিয়াজ, পাভলোভিচ ও ওলিসে করেন ওই তিন গোল। বাকি তিন গোল করে স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে। নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ, শততম বুন্দেসলিগা ম্যাচ স্মরণীয় করে রাখেন কেইনও। গত মৌসুমের প্রথম ১৭ লিগ ম্যাচে যত পয়েন্ট হারিয়েছিল বায়ার্ন, এবার প্রথম পাঁচ ম্যাচেই তত পয়েন্ট হারায় তারা। তবে লাইপজিগের বিপক্ষে দাপুটে জয়ে নিজেদের চেনা রূপে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটে বায়ার্নের গোলের সূচনা করেন দিয়াজ। জোশুয়া কিমিখের বাড়ানো বল ধরে গোলরক্ষক মার্টেন ফানডেভুর্টকে পরাস্ত করেন দিয়াজ। এরপর কলম্বিয়ান এই ফরোয়ার্ডই সতীর্থ পাভলোভিচকে দিয়ে গোল করান। বক্সের কাছ থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পাভলোভিচ। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন ওলিসে। কেইনের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে জালে বল পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। বিরতির পর খেলা শুরু হওয়ার মাত্র ৯৫ সেকেন্ডের মধ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন দিয়াজ। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বলকে দূরের নিচের কোণায় পাঠান তিনি। এরপরই বুন্দেসলিগায় শততম ম্যাচ খেলতে নামা কেইন গোলের দেখা পান। ন্যাথানিয়েল ব্রাউনের কাটব্যাক থেকে সহজ টোকায় গোল করেন ইংলিশ স্ট্রাইকার। বুন্দেসলিগায় নিজের শততম ম্যাচে এটি তার ১০২তম গোল। ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ। বক্সের প্রান্ত থেকে ডান পায়ের দুর্দান্ত শটে নিজের তৃতীয় ও দলের ষষ্ঠগোলটি করেন তিনি। যোগ করা সময়ে আন্দ্রিজা মাকসিমোভিচের দারুণ শটে এক গোল শোধ করে লাইপজিগ। ইউনিয়ন বার্লিনের সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ড গোলশূন্য ড্র করায় আপাতত ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। তবে বায়ার লেভারকুসেনকে হারাতে পারলে দুই পয়েন্টে এগিয়ে যেতে পারে ফ্রেইবুর্গ। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মুখোমুখি হবে বায়ার্ন। ম্যাচটি হবে আলিয়াঞ্জ অ্যারেনায়।