ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ২৬টি জাহাজে থেকে এখন পর্যন্ত হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী অন্যতম প্রধান সংস্থা ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস) এ তথ্য জানায়। ইউকেএমটিও মূলত পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, সোমালিয়া উপকূল এবং লোহিত সাগরের মতো ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। সমুদ্রপথে কোনো হামলা, জলদস্যুতা বা সন্দেহজনক কার্যক্রম ঘটলে, ইউকেএমটিও দ্রুত তা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। সংস্থাটি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে জাহাজে হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণ করে আসছিল। পর্যবেক্ষণের পর সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত উপসাগরীয় অঞ্চল, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী ঘিরে মোট ৪৬টি ঘটনার তথ্য তারা পেয়েছে। এর মধ্যে ২৬টি ছিল সরাসরি হামলা, ১৮টি ঘটনায় ‘সন্দেহজনক কার্যকলাপ’ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া আরও দুটি ঘটনায় জাহাজ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ২৬ জাহাজে হামলা
