ইসলামপুরে আনন্দ র‌্যালিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে আনন্দ র‌্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে গৌর নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত আনন্দ র‌্যালিটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গৌর নিতাই আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার, গৌর নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, সহ-সভাপতি রিপন বন্দ, সাবেক সভাপতি নারায়ণ কর্মকার, মহাদেব মোহন্ত, পলাশ বন্দ, সুদীপ কর্মকারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন। তিনি শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির কল্যাণের জন্য শান্তি, ন্যায় ও মানবতার বার্তা দিয়েছেন।
তাঁর জীবন ও আদর্শ যুগে যুগে মানুষকে সত্য, ন্যায় এবং ধর্মের পথে চলার প্রেরণা জোগায়। আনন্দ র‌্যালিকে ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণভাবে র‌্যালি ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।