ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল (৬২) এবং ইসলামপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কমিশনার মঞ্জুরুল হকের বাবা আব্দুল মজিদ মন্ডলের (১০৩) জানাজা একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৮ অক্টোবর বাদ জোহর ইসলামপুরের জনতা মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। মাহমুদ হাসান কবির মঞ্জিল জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর ছোট ভাই। তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে কানাডাপ্রবাসী। অন্যদিকে, আব্দুল মজিদ মন্ডল পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। একই দিনে দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে ইসলামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুম দুজনের রুহের মাগফিরাত কামনা করেছেন তাঁরা।
ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত
