ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র বিএসসি শিক্ষক শুভেন্দু চন্দ্র দাস আর নেই। সোমবার ৭ সেপ্টেম্বর দুপুরে ইসলামপুর পৌরসভার উত্তর কিসামতজাল্লা গ্রামের নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গৌর নিতাই আশ্রম (হরিসভা) মন্দিরে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বীর উত্তম খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদের শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শুভেন্দু চন্দ্র দাসের মৃত্যুতে ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।ম একজন নিষ্ঠাবান ও সম্মানিত শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি প্রার্থনা করেছেন।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শুভেন্দু চন্দ্র দাসের পরলোকগমন
