আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে এ তথ্য জানায়। সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ২৩ মে এবং ২৪ মে দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখার স্বার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের গার্মেন্টস-সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ওই দুই দিনে ব্যাংক শাখাগুলোতে অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির দিনগুলোতে (২৫ মে থেকে ৩১ মে, ঈদের দিন ছাড়া) প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট শাখাগুলোকে বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।
ঈদুল আজহায় টানা ৭ দিন ব্যাংক বন্ধ
