কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দক্ষ আগামী : শিক্ষার্থীদের দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের (৪ওজ) জন্য প্রস্তুত করতে পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরে দিনব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে একাডেমির হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের দ্বাদশ শ্রেণির ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: মাহফুজুল হক। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এর প্রয়োজনীয়তা এবং নৈতিক ব্যবহার নিয়ে সহজ ভাষায় আলোচনা করেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের (এআই) দিয়ে ছবি তৈরি, পড়াশোনায় (এআই) এর ব্যবহার, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, সৃজনশীল লেখালেখি এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থী কারিমা নাহার কবিতা বলেন, আজকের প্রশিক্ষণের আগে (এআই) সম্পর্কে শুধু শুনেছি। আজ নিজের কল্পনাকে (এআই) দিয়ে বাস্তবে রূপ দিতে পেরেছি। মনে হচ্ছে, প্রযুক্তির দুনিয়ায় আমরাও পিছিয়ে নেই। একাডেমির পরিচালক ড. সৈয়দ এনামুল কবির (উপসচিব) বলেন, এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে। জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মুখস্থ বিদ্যা নয়, প্রযুক্তি নির্ভর শিক্ষাই এখন আমাদের লক্ষ্য। শিক্ষার্থীরা যেন (এআই) ব্যবহার করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেজন্যই এই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।