কেরালার নতুন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সতীশন, শপথ অনুষ্ঠানে যাননি থালাপতি

ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। গতকাল রাজধানী তিরুভানন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে তার শপথ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার মন্ত্রিসভার ২০ জন সদস্যও শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করিয়েছেন কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ^নাথ আরলেকার। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসিস্ট) কেন্দ্রীয় নেতা পিনারাই বিজয়ন, ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কেরালার ওয়ানাড জেলার এমপি প্রিয়াঙ্কা গান্ধী, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কেও। তবে দক্ষিণ ভারতে অত্যন্ত জনপ্রিয় এই চলচ্চিত্র তারকা উপস্থিত হলে অনুষ্ঠানস্থলে অতিরিক্ত জনসমাগম হতে পারে, এমন ভাবনা থেকে নিরাপত্তা বাহিনীর পরামর্শে তিনি এই অনুষ্ঠানে যাননি বলে সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। কেরালায় এক দশক পরে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যে ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সিপিএম-এর নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ পেয়েছে মাত্র ৩৫টি আসন। ভোটগণনার ১০ দিন পরে গত বৃহস্পতিবার কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সতীশনের নাম ঘোষনা করে কংগ্রেস। সতীশন টানা ৬ বার বিধানসভায় জয়ী হয়ে আসছেন সতীশন। গত ৫ কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। সতীশন ছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা। গত বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরালার দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি।