জামালপুরে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের চক গোপীনাথপুর এলাকায় ক্রয়কৃত জমি জবরদখল, গাছপালা কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় মো. নিরঞ্জন চন্দ্র দাস (৫০) নামের এক ভুক্তভোগী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- রশিদপুরের চক গোপিনাথপুর গ্রামের আনন্দ মোহন দাসের মেয়ে ইতিরাণী দাস (২৬) ও মৃত সহদেব চন্দ্র দাসের ছেলে আনন্দ মোহন দাস (৫০)। অভিযোগ সূত্রে জানা যায়, চক গোপীনাথপুর মৌজার ৯৫ শতাংশ জমির রেজিস্ট্রি দলিলমূলে প্রকৃত মালিক নিরঞ্জন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি বাদী ক্যান্সারে আক্রান্তের হওয়ায় ঢাকাতে অবস্থানের সুযোগে বিবাদীরা ওই জমি বেদখলের অপচেষ্টা চালায়। গত ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১০:১০ ঘটিকার দিকে অভিযুক্তরা অজ্ঞাতনামা লোকজন নিয়ে বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করে গাছপালা কাটতে শুরু করে। বাদী এতে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের উদ্যোগ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিরঞ্জন দাস নিজের নিরাপত্তার স্বার্থে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ইতিরাণী দাস। তিনি বলেন আমাদের জমির গাছ আমরাই কেটেছি।