জামালপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদন্ড

আসমাউল আসিফ
জামালপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। গতকাল রোববার ২৫ অক্টোরব দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন, গাইবান্ধার জেলার ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে মুছা মিয়া (২৭)। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদ ও মাদ্রাসায় সেই মাদ্রাসার ইমাম মুছা মিয়া ওই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে মক্তব পড়ানোর কথা বলে একটি কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়েরে করেন। পরে রবিবার দুপুরে মামলার ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাফরউল্লাহ।