আসমাউল আসিফ
জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১৩ মে বিকালে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জামালপুর জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: ফরিদুজ্জামান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান, টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, ঢাকা পোস্টের সাংবাদিক বাঁধন হোসেন, ভিবিডি জামালপুরের সভাপতি শাহান শাহ শান্ত, সাসটেইনেবল ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে জন্ম লগ্ন থেকেই একজন শিশুকে শিখিয়ে দেওয়া হয় সে ছেলে নাকি মেয়ে। কেবল শরীর বৃত্তীয় পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজ যখন নির্দিষ্ট কিছু আচরণ বা কাজ চাপিয়ে দেয়, তখনই তৈরি হয় স্টোরিওটাইপ। আমরা ছোটবেলা থেকেই শুনি ছেলেরা কাঁদবে না, ছেলেরা শক্ত হবে কিংবা মেয়েরা ঘরের কাজ করবে। এই যে নির্দিষ্ট গণ্ডিতে মানুষকে আটকে রাখা এটাই স্টোরিওটাইপ। যখন আমরা ভাবি কিছু কাজ শুধু পুরুষের বা কিছু কাজ শুধু নারীর, তখন আমরা অনেক সম্ভাবনাকে নষ্ট করে ফেলি। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে সমাজ থেকে স্টোরিওটাইপ দুর করার আহবান জানান বক্তারা।
জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা
