জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

এম.এ রফিক
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নারী সমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, জামালপুর (গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) আয়োজনে শহীদ জিয়াউর রহমান কলেজ, জামালপুর-এর অডিটোরিয়ামে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়, যার মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিতকরণ। একই সঙ্গে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ, মানব পাচার মোকাবিলা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা সংক্রান্ত, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ, সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ এ.এম. আবু তাহের, সভাপতি, কলেজ পরিচালনা পরিষদ, শহীদ জিয়াউর রহমান কলেজ, জামালপুর। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানানো হয়।