জামালপুরে মূসা ফাউন্ডেশনের খাম-খেয়ালিপনায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশু সিফা

স্টাফ রিপোর্টার
জামালপুর শহরের মূসা ফাউন্ডেশন নামে একটি সেবা মূলক প্রতিষ্ঠানের খাম-খেয়ালিপনায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ব্রেন টিউমারে আক্রান্ত শিশু সিফা। শিশু সিফার বাড়ি জামালপুর পৌর শহরের মুসলিমাবাদ এলাকায়।
জানা যায়, গত ১২ মে জামালপুর শহরের মেডিকেল রোড এলাকায় অবস্থিত ফুড জোন রেষ্টুরেন্টে মূসা ফাউন্ডেশন নামের একটি সেবা মূলক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর ৫ আসানের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, মূসা ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামালপুর পৌর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, জামালপুর জেলা রোটারী ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাবেদ গ্রুপের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রকিবুল করিম, বিশিষ্ট মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মূসা ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ রকিবুল হোসেন বিদ্যুৎ, অনুষ্ঠান সঞ্চালনায় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইনজীবী নবীউর ইসলাম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মুসলিমাবাদ এলাকার বাসিন্দা হতদরিদ্র সাগর মিয়ার কন্যা ব্রেন টিউমারে আক্রান্ত শিশু সিফা (৮) এর চিকিৎসা সেবার ব্যয়ভার বহনের জন্য ৪ লক্ষ টাকার একটি চেক ও নগদ ৬০ হাজার টাকা হস্তান্তর করে। এর মধ্যে জামালপুর ৫ আসনের সংসদ সদস্য এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ও বিশিষ্ট ব্যবসায়ি মোঃ রকিবুল করিম মিলে নগদ ৬০ হাজার টাকা চিকিৎসার জন্য প্রদান করেন। অনুষ্ঠান পরবর্তী সময়ে স্থানীয় সূত্রে জানা যায়, সেই চেক ও নগদ টাকা পুনরায় ফিরিয়ে নেয় মূসা ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ রকিবুল হোসেন বিদ্যুৎ। এ বিষয়ে হতদরিদ্র সাগর মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করে জানতে চাইলে, তারা এ ঘটনাটি সত্য বলে স্বীকার করেন। তারা আরও জানান, মূসা ফাউন্ডেশন থেকে ৪ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত ১ লক্ষ ৭০ হাজার টাকা আমাকে আমার কন্যার ব্রেন টিউমার চিকিৎসার জন্য দিয়েছেন। মূসা ফাউন্ডেশনের ফান্ডে টাকা থাকা সত্ত্বেও সম্পূর্ণ টাকা না দেওয়ার কারণ আমাদের জানা নেই। এছাড়াও তারা শঙ্কা প্রকাশ করে বলেন, অর্থের কারণে সঠিক সময়ে আমার কন্যার চিকিৎসা করাতে না পারলে যে কোন ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে, এর দ্বায়ভার কে বহন করবে? বলে হতাশা প্রকাশ করেন তার পরিবার। একটি অসুস্থ্য শিশুর জীবন নিয়ে মূসা ফাউন্ডেশনের এমন খাম-খেয়ালিপনা করায় প্রশ্ন উঠেছে সমাজের বিভিন্ন মহলে। অর্থের অভাবে অসুস্থ শিশু সিফার চিকিৎসা যথা সময়ে করাতে না পারায় তার পরিবার অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এবং তার শিশুর জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশু সিফার জীবন বাঁচাতে তার পরিবার সমাজের বৃত্তবান ব্যক্তি ও সরকারের সহযোগীতা প্রার্থনা করেছেন। মূসা ফাউন্ডেশনের আত্ম প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে রেখে এমন খাম-খেয়ালিপনা করার কি উদ্দেশ্য ছিল মূসা ফাউন্ডেশনের তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ছে।