জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

oplus_1024

নিজস্ব সংবাদদাতা
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ১৯ মে সকালে এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস গিয়ে শেষ হয় র‌্যালিটি। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, আজকে সারাদেশে এই ভূমিসেবা মেলার উদ্বোধন হচ্ছে। আসলে ভূমি নিয়ে যে জটিলতা এটা যত ভাবেই চেষ্টা করা হচ্ছে এইটার মাত্রা যে লক্ষ্যে পৌঁছানোর কথা আমরা সেইটার সমাধানে পৌঁছাতে পারি না। দুর্ভাগ্য ক্রমে ভূমি নিয়ে যে জটিলতা দিনের পর দিন বেড়েই চলেছে। সেই যাত্রায় বা সেই ক্ষেত্রে আজকে এই ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যে বিষয়গুলো আমরা দেখছি অনলাইনের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছে সেইটা এই জটিলতা অনেকটা কমিয়ে আনবে। এখানে স্বচ্ছতা ফিরিয়ে আনবে। মানুষের কাছে আরও বেশি সহজ, স্বচ্ছ এবং পরিষ্কার হবে। এই প্রত্যাশা নিয়েই এই মেলার আয়োজন। তিনি আরও বলেন, আমরা জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনীতে যে বিষয়গুলো দেখেছি সেগুলো আমরা মনে করি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রয়োজন। পৌঁছে দেয়ার ক্ষেত্রে প্রচারণা আরো বেশি বেশি করা প্রয়োজন। এখানে যেটি বাস্তবতা সেটি হলো যে, ভূমির মালিক যারা, তাদের অধিকাংশই এই বিষয়গুলোর সম্পর্কে অবগত বা অভ্যস্ত না। এই অবগত বা অভ্যস্ত যতদিন তারা না হবে ততদিন পর্যন্ত এই সেবার আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানো আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আমি মনে করি যে, জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রচারণার যে কার্যক্রম গুলো আছে সেগুলো যত বেশি করা যাবে মানুষ তত বেশি উপকৃত হবে। ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ সংগ্রামের পরে আজকে এই বাংলাদেশ নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি। যে বাংলাদেশ আগামী দিনে একটি দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত জনগণের কল্যাণের বাংলাদেশ হবে। এই বাংলাদেশের জনগণ অবাধে এই বাংলাদেশের মালিকানার সুযোগ ভোগ করবে। এই দেশের মালিকানা হবে এই বাংলাদেশের জনগণ। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমরা যারা যে অঙ্গনে আছি, সেই অঙ্গন থেকেই সততার সাথে, স্বচ্ছতার সাথে জনগণের কল্যাণে যে কাজগুলো করার দরকার আমরা যাতে মানবিকভাবে সেই কাজগুলো করি আমি সেই উদার্ত আহ্বান জানাই। জামালপুরে এই ভূমি সেবা আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার।জামালপুর সদর উপজেলা সহকারী কমিশন (ভূমি) এসিল্যান্ড তানভীর হায়দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন প্রমুখ। মেলায় সর্বমোট ৮ টি স্টল স্থান পেয়েছে। এছাড়া ৬৪ টি জেলায় ৮৯৩টি ভূমি সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। র‌্যালি ও আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।