ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের জেরে গাজীপুরে নতুন করে ২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে গত শনিবার রাতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। গতকাল রোববার সকালে আরও ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় ৫৫টি পোশাক কারখানা বন্ধ থাকলেও অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। উৎপাদনও চলছে।
গাজীপুরের কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষ, ভাঙচুর এবং বিশৃঙ্খলার আশঙ্কায় কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার রাতে ১৩টি কারখানার শ্রমিকদের রোববার থেকে কাজে না আসার নির্দেশনা দেওয়া হয়। সকালে আরও ১৬টি কারখানায় ছুটির নোটিশ দেওয়া হয়। কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকেরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও পাঁচটি কারখানায় রোববারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়ার পরও বহিরাগতদের উসকানিতে শ্রমিক অসন্তোষ সহিংস রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানায় প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শ্রমিক ও কর্মকর্তারাও আহত হন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট কারখানাগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে চলমান অস্থিরতার মধ্যে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকেরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের সদস্য কারখানার মালিকেরা কঠিন হলেও অনিবার্য সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকেরা।
শ্রম আইনের এই ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
সাভার-আশুলিয়ায় বন্ধ ৫৫ কারখানা, অধিকাংশে উৎপাদন স্বাভাবিক
গাজীপুরের পাশাপাশি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ দুই এলাকার ৫৫টি পোশাক কারখানা বন্ধ ছিল। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও বিক্ষোভ বা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, বন্ধ ৫৫টি কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে পাঁচটি কারখানা বন্ধ রাখা হয়েছে।
বন্ধ কারখানাগুলোর সামনে টাঙানো নোটিশে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সকালে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই শ্রমিকেরা কারখানার ফটকে উপস্থিত হন। পরিচয়পত্র দেখিয়ে একে একে ভেতরে প্রবেশ করেন তাঁরা। বেশ কয়েকটি কারখানায় সকাল থেকেই উৎপাদন শুরু হয়।
তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বসে ছিলেন। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা তাঁদের নজরে আসেনি।
তিনি জানান, বন্ধ থাকা ৪০টির বেশি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেননি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টুও জানিয়েছেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়।
তিন শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। রোববার বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় রয়েছে ১০ প্লাটুন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন।
এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত মাসের শেষ দিকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুর, গাজীপুর, ঢাকার সাভার ও আশুলিয়া এবং নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়া এ আন্দোলন একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায় একজন শ্রমিকের মৃত্যুও হয়েছে।
গত শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। কয়েক দিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় শিল্পাঞ্চলগুলোতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়ে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। আজ সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
শ্রমিক অসন্তোষে গাজীপুরে ২৯ কারখানায় ছুটি, সাভার-আশুলিয়ায় বন্ধ ৫৫
