জেসমিন প্রকল্পের উদ্যোগে সিভিএ বাস্তবায়নকারী গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ অক্টোবর ইসলামপুর এবং মেলান্দহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী পাঁচটি গ্রুপের উদ্যোগে ১০টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। সিভিএ ওয়ার্কিং গ্রুপের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেবাসমূহ যথাযথভাবে প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে যোগাযোগ শক্তিশালী করা এবং পূর্ববর্তী পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় কৃষক, কিশোর-কিশোরী, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ, আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার জহুরুল ইসলাম, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানাসহ প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা।