দলীয় কর্মূসচিগুলোকে প্রাণবন্ত করতে সব শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিস্টের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, এটি একটি ভাইরাস। যার মধ্যে ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চান না, তবে সরকারের মধ্যে এর অনেক লক্ষণ দেখা যাচ্ছে। ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের যে আকাক্সক্ষা তৈরি হয়েছিল, তার অন্যতম দাবি ছিল রাষ্ট্রের আমূল সংস্কার। অতীতের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান চেয়েছিল মানুষ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও একপর্যায়ে তা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের অন্যতম স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা। তিনি বলেন, ওই সময় সরকারি দল ও বিরোধী দলসহ সবাই রাষ্ট্র সংস্কারের আকাক্সক্ষার সঙ্গে একমত ছিল। রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার প্রস্তাব ও নির্বাচনী ইশতেহারেও এসব বিষয় তুলে ধরেছিল। পরে ৩৩টি রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় ঐকমত্য পরিষদের আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের প্রস্তাবও নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আগের অবস্থান থেকে সরে এসেছে। জামায়াত আমির বলেন, জনগণের সামনে স্পষ্ট ওয়াদা দিয়ে তারা তা লঙ্ঘন করেছে। তারা প্রতারণা করেছে। আমরা বারবার বলে আসছি, এই প্রতারণা আমরা মানবো না, জাতিও মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে। জনগণের এই দাবি আমরা আদায় করেই ছাড়বো। সংবিধান সংশোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে সংবিধান সংশোধনের জন্য জনগণ রায় দেয়নি। ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় উপেক্ষা করে শুধু সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের এই রায় অগ্রাহ্য করার সুযোগ নেই। এভাবে জনগণের মতামতকে অবজ্ঞা করা এবং নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তরুণরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। নতুন প্রজন্ম নতুন করে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে তারা কোনো আপস করবে না। তিনি বলেন, অতীতের রেখে যাওয়া বস্তাপচা সমাজব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে আরও অবনতি হয়েছে। এসব পরিস্থিতির বিরুদ্ধে জামায়াতসহ ১১ দলের পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। বিভাগীয় সমাবেশ ও ধারাবাহিক লংমার্চে জনগণের ব্যাপক সমর্থন পাওয়া গেছে। এসব দাবি কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়, এগুলো দেশের সাধারণ মানুষের ভোট, ভাত, চাকরি, ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অধিকার প্রতিষ্ঠার দাবি। দেশের মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, তরুণ সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একসময় যে দেশে কিশোর গ্যাং বলে কোনো শব্দ পরিচিত ছিল না, এখন শহর ছাড়িয়ে গ্রামেও তাদের উৎপাত ছড়িয়ে পড়েছে। মাদক শুধু সেবনের মধ্যে সীমাবদ্ধ নেই, অনেক তরুণ মাদকের গডফাদার হয়ে উঠেছে। স্কুলেও মাদক বিক্রি ও সেবনের ঘটনা ঘটছে। তিনি বলেন, তরুণদের বিপথগামী হওয়ার জন্য শুধু তাদের দায়ী করলে হবে না। যে সমাজব্যবস্থা ও সরকারগুলো নিজেদের ব্যক্তি, দলীয় ও গোষ্ঠীগত স্বার্থে এসব অপকর্মকে প্রশ্রয় দিয়েছে, তারাই মূলত দায়ী। অল্প কিছু অপরাধী গোটা সমাজকে জিম্মি করে রেখেছে। এই অপরাধচক্র ভেঙে দিতে হবে। সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েক দিন আগে সরকারি দলের একজন প্রবীণ সদস্য প্রকাশ্য সভায় স্বীকার করেছেন, আগে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ফ্যাসিস্ট দলের নেতারা, আর এখন নিয়ন্ত্রণ করছেন তার দলের নেতারা। এমন স্বীকারোক্তির জন্য ওই নেতাকে ধন্যবাদ জানাই। শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চর দখলের মতো দখল করা হচ্ছে। জোর করে উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা না থাকলেও শুধু দলীয় আনুগত্যের কারণে পদ দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও গভর্নিং কমিটিগুলোও দলীয় ক্যাডার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এতে যোগ্য শিক্ষকরা কোণঠাসা হয়ে পড়ছেন এবং শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে আমাদের বলেন, এই সরকারকে এভাবে আর কত দিন দেশের ক্ষতি করতে দেবেন? আমরা বলি, এক মিনিটও দিতে চাই না। শুধু জনগণ বুঝে নিক কার কী চেহারা ও চরিত্র। জনগণ যখন ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়, তখন কোনো শক্তি বা অস্ত্র তাদের বিরুদ্ধে কার্যকর থাকে না। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সমাজের সর্বস্তরে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট চোর, ডাকাত ও ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না। জনগণকে সংগঠিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজের দায়িত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম তখনই সফল হবে, যখন বিপথগামী তরুণদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট তরুণদের নিয়ে কাজ করলে হবে না; সমাজের সব তরুণকে কল্যাণ, ন্যায় ও সৎ পথে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ভালো কাজ ও ভালো মানুষ সম্মানিত হবে এবং অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিষ্টের লালন ও দুষ্টের দমন নিশ্চিত করতে হবে। মানুষ সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে এমন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। তিনি বলেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং কোনো অন্যায়কে আর মাথা তুলে দাঁড়াতেও দেবো না। সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা, সংসদ সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল এবং সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
