ডেঙ্গু প্রতিরোধে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

ইসলামপুর সংবাদদাতা
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৬ জুন ইসলামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের। তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।