নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলায় ১০ম তম দিনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে গতকাল রোববার ১০ মে অনুষ্ঠিত হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর বালক ও বালিকা বিভাগের ফাইনাল ফুটবল খেলা। ফাইনাল খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় জামালপুর পৌরসভা বনাম মাদারগঞ্জ। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামালপুর পৌরসভা। পুরো ম্যাচ জুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা উপভোগ করেন দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল।
অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জামালপুর সদর ৪-০ গোলের বড় ব্যবধানে বকশীগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। ম্যাচের শুরু থেকেই জামালপুর সদর আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে এবং দারুণ দলীয় সমন্বয়ে সহজ জয় নিশ্চিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-০৩। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর।
খেলা শেষে প্রধান অতিথি জনাব মোস্তাফিজুর রহমান বাবুল এবং জনাব মোহাম্মদ ইউসুপ আলী বিজয়ী খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল বিতরণ করেন। এ সময় মাঠ জুড়ে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ক্রীড়া সংগঠক ও দর্শকদের মতে, “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
জমকালো আয়োজনে শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর ফাইনাল খেলা
