দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে প্রবাসীর অবর্তমানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে নূর আলম (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে এব্যাপারে ভুক্তভোগী নারীর থানায় মামলার প্রেক্ষিতে ধর্ষক নূর আলমকে গ্রেফতার করে গতকাল ১৬ আগস্ট রোববার জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত যুবক নূর আলম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়াপাড়া গ্রামের হেকমত মন্ডলের ছেলে। জানা গেছে, ভুক্তভোগী নারী শনিবার রাতেই একমাত্র অভিযুক্ত আসামী নূর আলমকে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, ভুক্তভোগী নারী একজন গৃহিনী। তার স্বামী বায়েজিদ হোসেন গত আড়াই বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। প্রতিবেশী নূর আলমের সাথে সখ্যতা হয় ভুক্তভোগী নারীর। এক পর্যায়ে তাকে বিয়ে করার মিথ্যা আশ^াস দেয় নুর আলম। গত ৩০ জুলাই ঐ নারীকে পান খাওয়ানোর কথা বলে, নুর আলম তার শয়ন কক্ষে নিয়ে যায়। সেদিন নুর আলমের স্ত্রী সন্তান কেউ ছিল না বাড়ীতে। এ সময় বাদীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় নুর আলম দরজা খুলে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে বিদেশে অবস্থানরত স্বামীকে ফোনে সব বিষয় জানান ভুক্তভোগী মহিলা। গত ১৫ আগস্ট শনিবার রাতে এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী নারী বাদী হয়ে নুর আলমকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন নয়াদিগন্তকে জানান, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত নূর আলমকে গ্রেফতার করা হয়। আজ ১৬ আগস্ট রোববার তাকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।