দেওয়ানগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে ৪ জনের কারাদন্ড

দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে ২৬ আগস্ট গত বুধবার সকালে এক ভ্রাম্যমান আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ ব্যক্তিকে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, দেওয়ানগঞ্জ উপজলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র মোঃ রিপন মিয়া (৩৫), উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের টুপকারচর গ্রামের দুয়াত উল্লাহ মন্ডলের পুত্র ওয়াজ উদ্দিন মন্ডল (৫৫), উপজেলার মিতালী পূর্ব মিয়া পাড়া গ্রামের বুরহান উদ্দিনের পুত্র বাবু মিয়া (২৭) ও উপজেলার মিতালী বাজারের মৃত বাবুল মিয়ার পুত্র মোঃ আল রাব্বী (২৩)। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন নয়াদিগন্তকে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারার ৯ এবং ১০ (৫) নম্বর দফায় উপরোল্লিখিত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।