নিজস্ব প্রতিবেদক
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুক্রবার ২৬ জুন জামালপুরে মাদকবিরোধী শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সকাল ১০টায় দিবসের শুরুতেই প্রধান অতিথি বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ্ মো ওয়ারেছ আলী মামুন এমপি বলেন অতীতের সকল প্রকার জঞ্জাল অতিক্রম করে দেশকে একটা স্বপ্নের পথে নিয়ে যাবার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আশাভরা স্বপ্নযাত্রা প্রধান প্রতিবন্ধকতা মাদক। এই ভয়াবহ মাদকের আগ্রাসনকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
তিনি বলেন মাদক পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আইনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এমপি মামুন বলেন আমিই প্রথম জাতীয় সংসদে মাদকের বিরুদ্ধে জোড়ালো ভাষায় কথা বলেছি। সংসদে ৮০ ভাগ সদস্য মাদকের বিরুদ্ধে কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
তিনি আবারো দৃঢ়তার সাথে বলেন বিএনপির কোন নেতা, কর্মী মাদক ব্যবসা অথবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আগে গ্রেপ্তা করতে হবে।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন প্রশাসনিক পদক্ষেপের সাথে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের সম্মিলিত শক্তির কাছে মাদক ব্যবসায়ীদের শক্তি টিকে থাকতে পারে না। জেলা প্রশাসক মাকের বিরুদ্ধে উদ্ভাবনী পদক্ষেপ নিতে হবে। খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম, বই পড়া আন্দোলন, সাহিত্য আসর, ক্লাবিংসহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রম হাতে নিতে হবে।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন, জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, শিক্ষার্থী বৃষ্টি, মাহতাব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে -ওয়ারেছ আলী মামুন এমপি
