দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। দেশব্যাপী এ শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ২৯ আগস্ট পর্যন্ত। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ শুমারি পরিচালিত হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে শুমারির কার্যক্রম পরিচালনা করবে। শুমারির মাধ্যমে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে প্রণীত ডাটাবেজ নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাত সম্পর্কে একটি নির্ভরযোগ্য, হালনাগাদ ও পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে। এর ফলে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার, নৌপথ ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া সহজ হবে। নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক, শ্রমিকসহ অন্য অংশীজনদের বিবিএসের নিয়োজিত শুমারি কর্মীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দিয়ে শুমারি কার্যক্রম সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে আজ
