ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসে প্রথমবারের মতো চালু হয়েছে রোবোটিক সার্জারি। দেশের প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে এই সেবার মাধ্যমে একজন রোগীর অস্ত্রোপচার করছে রাজধানীর মাদানি এভিউনিউতে অবস্থিত এই হাসপাতালটি। গতকাল সোমবার বিকালে দেড় ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রথম রোবোটিক সার্জারির যাত্রাকে দেশের চিকিৎসা খাতে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ওষুধ প্রশাসন অধিদফতর থেকে (ডিজিডিএ) আমদানির অনুমোদন নিয়ে রোবোটিক সার্জারি শুরু করলো ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিস। হাসপাতালটির সার্জন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও অধ্যাপক ডা. সামছাদ জাহানের (শেলী) নেতৃত্বে অত্যাধুনিক মেডবট তৌমাই এন্ডোস্কোপিক সার্জিকাল রোবটের সহায়তায় এই অস্ত্রোপচার করা হচ্ছে। পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৩৪ বছর বয়সী একজন পুরুষ রোগীর ওপর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি করেন চিকিৎসকরা। অস্ত্রপচার শেষ হওয়ার পর রোগীর বিষয়ে এবং এর সফলতা নিয়ে বিস্তারিত হাসপাতালের পক্ষ থেকে জানানো হবে। সংশ্লিষ্টদের মতে, রোবোটিক প্রোস্টেট সার্জারির জন্য মাসে প্রায় ৩০ জন রোগী বিদেশ ভ্রমণ করেন। এতে প্রতি মাসে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়। রোবোটিক সার্জারির জন্য বার্ষিক বৈদেশিক ব্যয় এক হাজার কোটি টাকার মতো। বাংলাদেশে পুরোদমে চালু হলে বিদেশের থেকে কম খরচে এই সার্জারি করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে প্রথম রোবোটিক সার্জারির মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ
