নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর ৬ষ্ঠ দিনে জামালপুর সদর উপজেলা ও জামালপুর পৌরসভা ক্রিকেট বালক দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে জামালপুর পৌরসভা। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পৌরসভার খেলোয়াড়রা দর্শকদের মন জয় করে নেয়। জয়ের মাধ্যমে দলটি টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ম্যাচকে টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াই হিসেবে অভিহিত করেন।
এরপর বকশীগঞ্জ উপজেলা ও জামালপুর পৌরসভা ক্রিকেট বালক দলের মধ্যকার ফাইনাল ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে জামালপুর পৌরসভা। ফাইনালে বকশীগঞ্জ উপজেলা নির্ধারিত ১০ ওভারে ৪৬ রান সংগ্রহ করলে জবাবে জামালপুর পৌরসভা মাত্র ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে। পুরো ম্যাচ জুড়ে পৌরসভার ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর উভয় দলের খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করেন। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
বকশীগঞ্জ উপজেলা ও জামালপুর পৌরসভা বালিকা ক্রিকেট দলের মধ্যকার ফাইনাল ম্যাচে দাপুটে জয় পেয়েছে জামালপুর পৌরসভা। প্রথমে ব্যাট করে জামালপুর পৌরসভা নির্ধারিত ১০ ওভারে ১০৫ রান সংগ্রহ করে শক্ত অবস্থান তৈরি করে। জবাবে বকশীগঞ্জ উপজেলা ১০ ওভারে ৩৫ রান করতে সক্ষম হলে ৭০ রানের বড় জয় নিশ্চিত করে জামালপুর পৌরসভা। ম্যাচজুড়ে পৌরসভার বালিকা খেলোয়াড়দের দুর্দান্ত ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিং দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর উভয় দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করেন। এছাড়া ফুটবলসহ অন্যন্য ইভেন্টের ফাইনাল খেলা আগামী ১০/০৫/২০২৬ তারিখের মধ্যে শেষ হবে। উল্লেখ্য যে, বিগত ০২/০৫/২০২৬ তারিখে সারা দেশব্যাপী একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
