নতুন গান নিয়ে ফিরলেন ফাহমিদা নবী

ছোট বিরতির পর নতুন একক গান প্রকাশ করলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। শিরোনাম ‘অভিমানের শেষে’। ‘শত মানুষের ভিড় এড়িয়ে, নির্জনতায় হারাই আমি; রংধনু রঙ গুনে গুনে, স্মৃতির ঘরে ধুলো জমে’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন রাজু চৌধুরী। সব সময় মেলেডি সুরকে প্রধান্য দিয়ে আসছেন ফাহমিদা নবী। আর সে কথা মাথায় রেখে মেলেডিকে ধরে রেখে ‘অভিমানের শেষে’ গানের সুর করেছেন এহসান রাহি। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আমির খসরুর তত্ত্বাবধানে ক্রিয়েটিভ গ্যালেরিয়া থেকে নির্মাণ করা হয়েছে গানের অ্যানিমেশন ভিডিও। প্রযোজনা করেছেন কৌশিক কল্লোল। সম্প্রতি শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। নতুন এই গান নিয়ে শিল্পী ফাহমিদা নবী বলেন, ‘প্রেম ও বিরহের অনুভূতিতে সাত সুরে বাঁধনে নতুনভাবে তুলে আনা হয়েছে এই গানে। গীতিকার রাজু চৌধুরী তাঁর কাব্যকথায় নান্দনিকতার ছাপ রাখার চেষ্টা করেছেন। এহসান রাহিও গানের সুরে মেলেডিকে প্রধান্য দিয়েছেন। সুমন কল্যাণের সংগীতায়োজনও সমায়োপযোগী। একইভাবে লিরিক্যাল ভিডিওতে আছে ভিন্নতা। সবমিলিয়ে ‘অভিমানের শেষে’ তেমনই একটি গান, যে ধরনের গানের জন্য প্রহর গুনে যান আমার ভক্তরা। আশা করছি, এ আয়োজন অনেকে মনে ছাপ ফেলবে।’ এদিকে নতুন এই একক গান ছাড়াও আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফাহমিদা নবী।