নিজস্ব সংবাদদাতা
জামালপুরে আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাদ পড়া আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক কাফি পারভেজ, বজলুর রহমান, সৈয়দ শওকত জামান, চ্যানেল ২৪ ও সমকালে স্টাফ রিপোর্ট আনোয়ার হোসেন মিন্টু সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাবা আবদুল করিম, স্ত্রী মনিরা বেগম ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর।বক্তারা বলেন, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হামলা করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও তদন্ত ও চার্জশিট নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন রয়েছে। বক্তাদের অভিযোগ, একাধিকবার চার্জশিটে হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করা কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এতে মামলার মূল অভিযুক্তরা আইনের আওতার বাইরে থাকার সুযোগ পেয়েছেন। মানববন্ধন থেকে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাতসহ হত্যাকান্ডে জড়িত বলে অভিযোগ ওঠা সবাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। সাংবাদিক নাদিমের বাবা আবদুল করিম ও স্ত্রী মনিরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত সব আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। মানববন্ধনে জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নাদিম হত্যা: আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত ও ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন
