বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে চারদিকে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতৃত্ব ও চেয়ারম্যানকে নিয়ে কুৎসিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, সব বাধা-বিপত্তি পেরিয়ে দেশের সাধারণ জনগণ দেশনায়ক তারেক রহমান ও জাতীয়তাবাদী শক্তির সঙ্গেই আছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দুদু এসব কথা বলেন। মাহবুবল হুক ও মাহবুবুল আলম তারা স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সমসাময়িক রাজনীতি ও প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুদু বলেন, বর্তমানে আমাদের দলের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার ও প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) নিয়ে এমন কোনো অসভ্য ভাষা নেই যা প্রয়োগ করা হচ্ছে না। এই নোংরা প্রচারণার মুখে আমাদের অত্যন্ত সতর্ক ও সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের শত্রু চারদিকে ওত পেতে আছে। কিন্তু জনগণ এই সরকারের (দলের) সঙ্গে আছে, জনগণ আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আছে। তাই কোনো অপপ্রচারই জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারবে না। দুদু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই সুদীর্ঘ সময় ধরে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতার মাঝেও এই দলকে ঐক্যবদ্ধ রেখে আজ এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই ঐক্য ও নেতৃত্বকে টিকিয়ে রাখা। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না থাকি, হাতকে শক্তিশালী না করি, তবে শত্রুদের পাতা ফাঁদে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির বিরুদ্ধে চারদিকে নানা ষড়যন্ত্র-অপপ্রচার চলছে: দুদু
