ভারত ছাড়তে হচ্ছেনা ইমরান খানকে

ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান। বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে এখনই তাকে দেশ ছাড়তে হচ্ছে না। ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) গতকাল বুধবারের মধ্যে এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের ঠিক একদিন আগে, গত মঙ্গলবার উচ্চ আদালত সেই নির্দেশনার ওপর স্থগিতাদেশ জারি করেছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বাইয়ে আয়োজিত ‘ককরোচ’ নামের একটি বিক্ষোভে অংশ নেন ইমরান খান। সেখান থেকেই তাকে আটক করা হয়। উক্ত বিক্ষোভে অভিনেতার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন ভারতের বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য কিট্রি সোমাইয়া। তিনি দাবি করেন, ইমরান খান একজন মার্কিন নাগরিক। এই ঘটনার পরপরই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় অভিনেতার বিরুদ্ধে এবং মুম্বাই পুলিশ তাকে গতকাল বুধবারের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেয়। যদিও ইমরান খানের দাবি, তিনি আমেরিকার নাগরিক হলেও তার কাছে বৈধ ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে। আদালতে দায়ের করা রিট পিটিশনে ইমরান খান উল্লেখ করেন, মাত্র দুই বছর বয়স থেকেই তিনি ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। ভারতে তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই তিনি এখানেই বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে। অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেই তিনি এ দেশে জীবনযাপন করছেন। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারী’ বলে অভিহিত করে ইমরান খান দাবি করেন, এটি ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন যে সুরক্ষা আইনগতভাবে বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়া তাঁর বিরুদ্ধে এফআইআরে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবই জামিনযোগ্য এবং সেগুলোর সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড।