প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নতুন এই কূপ থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে জানা যায়, গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্যদিয়ে গ্যাস ডিএসটি শুরু করা হয়েছে। বাপেক্স জানায়, কূপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এ কূপ থেকে দৈনিক প্রায় ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাপেক্স আরও জানায়, ভোলা জেলায় বর্তমানে ৩টি গ্যাসক্ষেত্র এবং এ নিয়ে মোট ১০টি গ্যাস কূপ রয়েছে। ভোলায় বর্তমানে প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে। এছাড়া নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ এর চূড়ান্ত মজুতের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট (উঝঞ) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে নতুন আরেকটি কূপে গ্যাস পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বাসিন্দা, হোসাইন আল ফারুক, তুহিন ও মিরাজ বলেন, সরকারের কাছে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ আমাদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণের দাবি জানাই। গ্যাস রাষ্ট্রীয় সম্পদ, আমরাও চাই ভোলার গ্যাস দিয়ে দেশের উন্নয়ন হোক। সেক্ষেত্রে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জোর দাবি জানাই।
ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধান, চলছে ড্রিল স্টেম টেস্ট কার্যক্রম
