২০১৮ সালের স্যান্ডপেপারকাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে বহাল থাকছেন এই পেসার। একই সঙ্গে বল টেম্পারিংয়ের ঘটনায় কামিন্সের সততা নিয়ে প্রশ্ন তোলার যেকোনো ইঙ্গিত সরাসরি প্রত্যাখ্যান করেছে বোর্ড।
কেপটাউন টেস্টের আট বছর পর দক্ষিণ আফ্রিকা সফরের বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা দাবি করেছিলেন, ২০১৮ সালের ওই ঘটনায় পুরো দলের সদস্যদেরই পরিকল্পনা সম্পর্কে জানা ছিল। সম্প্রতি দীর্ঘ সংবাদ সম্মেলনে সেই অভিযোগ অস্বীকার করেন কামিন্স। পরে সাবেক সতীর্থ ক্যামেরন ব্যানক্রফটও খাজার বক্তব্যের সঙ্গে একমত হওয়ায় বিতর্ক আরও জোরালো হয়।
এ পরিস্থিতিতে শুক্রবার সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। অধিনায়কের ভবিষ্যৎ, তার মানসিক অবস্থার প্রতি সমর্থন এবং দলের পরবর্তী সিরিজ নিয়ে আলোচনা হয়। গতকাল শনিবার বোর্ড সভার পর কামিন্সের নেতৃত্বের প্রতি সর্বসম্মত সমর্থনের কথা জানানো হয়।
বোর্ডের চেয়ারম্যান ডেভিড বুন বলেন, অস্ট্রেলীয় ক্রিকেটকে এই কঠিন পরিস্থিতি থেকে দায়িত্বশীলতা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার কথা শুনে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চান তারা।
বুন বলেন, ‘২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় প্রভাবিত সবার প্রতি আমাদের উদ্বেগ রয়েছে। আমরা ওই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’
২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল। ওই তদন্তে কামিন্সের বিরুদ্ধে কোনো দায় পাওয়া যায়নি। নতুন করে বিতর্ক শুরু হলেও আগের তদন্ত পুনরায় চালানোর সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
এর পরিবর্তে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন আলোচনার মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ থাকবে। ফোরামের কার্যপরিধি ও শর্তাবলি যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কামিন্সও। তিনি ফোরামে অংশ নেওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের সঙ্গে বিশাল দায়িত্ব জড়িয়ে আছে। আমি কখনোই সেই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের ভুমিকার প্রশংসা করে কামিন্স বলেন, এই পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটি তাদের জন্য কঠিন। ২০১৮ সালের সফরের সঙ্গে যুক্ত খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করায় তিনি তাদের প্রশংসা করেন।
স্বাধীন ফোরাম নিয়ে কামিন্স বলেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, কিন্তু সেটাই প্রয়োজন।’
বিতর্কের বাইরে আপাতত তার প্রধান মনোযোগ অস্ট্রেলিয়ার আসন্ন আন্তর্জাতিক সিরিজ। আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে। চার টেস্টের এই সিরিজ সামনে রেখে দলকে নেতৃত্ব দেওয়াই এখন কামিন্সের মূল লক্ষ্য ও অগ্রাধিকার।
স্যান্ডপেপার বিতর্কে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া, নেতৃত্বে থাকছেন
