হলিউড অভিনেতা মাইকেল রাইট মারা গেছেন। ৭০ বছর বয়সে গত শুক্রবার তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্ত্রী সুসান রাইট। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় সুসান জানান, মাইকেলের চলে যাওয়ায় পরিবার গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তিনি অভিনেতার অভিনয়জীবনের কথা স্মরণ করে বলেন, ‘শিল্পী হিসেবে মাইকেল যেমন দর্শকের ভালোবাসা পেয়েছেন, তেমনি পরিবার ও বন্ধুদের কাছেও ছিলেন গুরুত্বপূর্ণ একজন মানুষ।’ এ সময় পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। শেষকৃত্যের আয়োজন ও সময়সূচি পরে জানানো হবে বলেও জানানো হয়। দীর্ঘ অভিনয়জীবনে মাইকেল রাইট একাধিক উল্লেখযোগ্য চরিত্রে কাজ করেছেন। তবে ক্যারিয়ারের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পান তিনি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘স্ট্রিমার্স’ সিনেমায় অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার ‘ভোলপি কাপ’ জয় করেন এই অভিনেতা। এই অর্জন তাকে চলচ্চিত্র অঙ্গনে আলাদা পরিচিতি এনে দেয়। তবে মাইকেল রাইটের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে আছে ১৯৯১ সালের ‘দ্য ফাইভ হার্টবিটস’। রবার্ট টাউনসেন্ড পরিচালিত মিউজিক্যাল ড্রামাটিতে এডি কিং জুনিয়র চরিত্রে অভিনয় করেন তিনি। একটি গানের দলের প্রধান শিল্পীর সাফল্য, ব্যক্তিগত সংকট এবং মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে তার অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। সময়ের সঙ্গে সিনেমাটি কাল্ট মর্যাদা পাওয়ায় মাইকেলের অভিনীত চরিত্রটিও আরও জনপ্রিয় হয়ে ওঠে। পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি মাইকেল রাইটের ক্যারিয়ারে থিয়েটার ও টেলিভিশনের কাজও রয়েছে। তবে ‘স্ট্রিমার্স’ ও ‘দ্য ফাইভ হার্টবিটস’ তার অভিনয়জীবনের সবচেয়ে স্মরণীয় কাজ হিসেবে দর্শকের কাছে দীর্ঘদিন ধরে আলোচিত। মৃত্যুর সময় স্ত্রী সুসান রাইট, পাঁচ সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন এই অভিনেতা। তার মৃত্যুর খবরে সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোক নেমে এসেছে।
মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
