রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের সংযোগ রক্ষাকারী প্রধান মহাসড়কে চলন্ত গাড়ির ওপর ইসরায়েলি ড্রোন থেকে আলাদা তিনটি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, গতকাল বুধবার লেবাননের রাজধানী থেকে ২০ কিলোমিটার দক্ষিণে জিয়েহ এলাকায় হামলার শিকার গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর বাইরের অংশ চুরমার হয়ে গেছে। এ প্রসঙ্গে দক্ষিণ লেবাননের তাইরে থেকে আল জাজিরার জেইনা খোদর জানিয়েছেন, ‘সংঘাত কেবল বেড়েই চলেছে।’ তিনি আরও বলেন, ‘এটি এমন এক সংঘাত যা ওইসব এলাকায় বসবাসরত বেসামরিক নাগরিকদের চরম মূল্য দিতে বাধ্য করছে।’ এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই আলোচনার বিরোধিতা করেছে। দক্ষিণ লেবাননের একটি অংশ দখল করে থাকা ইসরায়েলি সেনাদের ওপর বেশকিছু দিন থেকে হামলা চালাচ্ছে সংগঠনটি। অন্যদিকে, আজ বুধবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী মেইস এল-জাবাল, ইয়ানোহ, বুর্জ শেমালি, হুলা, দেবল এবং আব্বাসিয়াহ অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি বাহিনী সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননের এই ছয়টি গ্রামে তারা শিগগিরই জোরালো অভিযান চালাবে। তারা আরও জানিয়েছে, যারা সেখানে অবস্থান করবে তারা নিজেদের জীবন বিপন্ন করবে। এসব এলাকার বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে ‘উন্মুক্ত এলাকায়’ চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনের মতো জারি করা এই নতুন উচ্ছেদ আদেশের পর আল জাজিরার খোদর জানান, ওই এলাকার অবশিষ্ট কয়েকটি হাসপাতালের মধ্যে একটি এখন উচ্ছেদ অঞ্চলের আওতায় পড়েছে। তিনি বলেন, ‘পুরো তাইরে জেলায় মাত্র তিনটি হাসপাতাল বাকি আছে এবং এখানে এখনও অন্তত এক লাখ মানুষ বসবাস করছে।’ তিনি আরও বলেন, ‘এই হাসপাতালগুলো স্থানীয়দের জন্য একমাত্র আশার আলো, কিন্তু আহতদের অনেকে সময়মতো পৌঁছাতে পারে না কারণ দক্ষিণের গ্রামগুলো থেকে যাতায়াতের পথ অনেক দীর্ঘ।’লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে হুসাইন জাবের এবং আহমদ নুরা নামে দুজন লেবানিজ সিভিল ডিফেন্সের প্যারামেডিকও রয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন এবং গত ২ মার্চ থেকে ইসরায়েলি আক্রমণ ও বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়েছে।
লেবাননের মহাসড়কে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৮
