ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ডেলিভারির সময় কমিয়ে প্রথম লাগেজ ১৮ মিনিট এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে অপ্রতুল ব্যাগেজ বেল্ট, ট্রলি রাখার সীমিত জায়গা, সংকীর্ণ চলাচলপথ, সীমিত বোর্ডিং ব্রিজ এবং পুরোনো অবকাঠামোর কারণে লাগেজ ব্যবস্থাপনায় এখনও সমস্যা রয়েছে। এদিকে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটে কোনো ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে নিবন্ধন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গতকাল রোববার প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের লিখিত জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ সদস্য সুলতানা আহমেদ প্রশ্নে অভিযোগ করেন, ট্রাভেল এজেন্সিগুলোর টিকিট সিন্ডিকেট এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে লাগেজ বিলম্বের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবামূলক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বিমানের অভ্যন্তরে এসব অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে শতভাগ স্বয়ংক্রিয় ও জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর সময়সীমা জানতে চান। জবাবে মন্ত্রী জানান, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে লাগেজ ডেলিভারির ক্ষেত্রে বর্তমানে প্রথম লাগেজ ১৮ মিনিটে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে সরবরাহ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এ ক্ষেত্রে ৮৬ দশমিক ০৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তবে লাগেজ ব্যবস্থাপনায় কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরে ব্যাগেজ বেল্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এ ছাড়া ট্রলি রাখার জায়গা সীমিত এবং ব্যাগেজ এলাকায় চলাচলের পথ সংকীর্ণ হওয়ায় সেখানে জট তৈরি হয়। সীমিত সংখ্যক বোর্ডিং ব্রিজ ও রিমোট ব্যবহারের কারণেও লাগেজ ডেলিভারিতে কিছুটা বেশি সময় লাগে বলে জানান তিনি। পুরোনো এবং ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত ব্যবহৃত অবকাঠামোর কারণে বিমানের সক্ষমতার পূর্ণ ব্যবহারও সীমিত হচ্ছে। অন্যদিকে বিমানভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মন্ত্রণালয় থেকে ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান মন্ত্রী। নির্দেশনা অনুযায়ী, বুকিং করার পর নির্ধারিত সময়ে টিকিট ইস্যু না হলে স্বয়ংক্রিয়ভাবে সেই বুকিং বাতিল করার ব্যবস্থা রাখা হয়েছে। গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীর নাম ও পাসপোর্টের তথ্য নিশ্চিত করার বিধান করা হয়েছে। কোনও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অস্বাভাবিক দামে টিকিট বিক্রি বা টিকিট সিন্ডিকেটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার নিবন্ধন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে টিকিটে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য উল্লেখ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সব ক্ষেত্রে শতভাগ স্বয়ংক্রিয় ও জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর কার্যক্রম পুরোপুরি চলমান রয়েছে।
শাহজালালে সবশেষ লাগেজ ডেলিভারির সময় লাগছে ৫৮ মিনিট: সংসদে বিমানমন্ত্রী
