শেষ টেস্টের আগে এবার ক্রিকেটারদের মোবাইল জব্দ করলো পিসিবি

ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে নতুন এক ঘটনা। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেটারদের মোবাইল ফোন পিসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত সেগুলো বোর্ডের হেফাজতেই থাকবে। তবে কোন কোন ক্রিকেটারের ফোন নেওয়া হয়েছে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। কেন ফোনগুলো হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়েও এখনো প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেয়নি পিসিবি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ক্রিকেটারদের ব্যক্তিগত মোবাইল ডিভাইসের ওপর কর্তৃপক্ষের ক্ষমতার সীমা কতটুকু। বিশেষ করে কোন পরিস্থিতিতে একজন ক্রিকেটারের ফোন জব্দ বা হেফাজতে রাখা যেতে পারে, কতক্ষণ তা রাখা যায়। একই সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের তথ্যের ক্ষেত্রে কী ধরনের সুরক্ষা বা বিধিনিষেধ প্রযোজ্য, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে মোবাইল ফোন ব্যবহারের ওপর আগে থেকেই কঠোর বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে ম্যাচ চলাকালে নির্ধারিত নিয়ন্ত্রিত এলাকায় মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। আইসিসির প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া রেগুলেশন অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলার সময় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ড্রেসিংরুমসহ নির্ধারিত নিয়ন্ত্রিত এলাকায় মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগের ডিভাইস রাখতে বা ব্যবহার করতে পারেন না। তবে পিসিবির খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তি, দলের অভ্যন্তরীণ নিয়ম অথবা নিজস্ব শৃঙ্খলাবিধির আওতায় আলাদা কিছু ক্ষমতা রয়েছে। কিন্তু ক্রিকেটারদের মোবাইল ফোন হেফাজতে নেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের কারণ হিসেবে পিসিবি এখনো প্রকাশ্যে এ ধরনের কোনো বিধানের কথা উল্লেখ করেনি।