ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। রেলওয়ের উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে লাইনচ্যুত পাওয়ারকারসহ চারটি বগি উদ্ধার করে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেললাইন সচল হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এখন ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সাড়ে ৭ ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রেলপথ
