সিএনজি স্টেশনগুলোতে স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ

গত কয়েক দিনের তীব্র সংকট কাটিয়ে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল শনিবার সকাল থেকে বেশিরভাগ স্টেশনে স্বাভাবিক চাপেই গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে কমেছে দীর্ঘ অপেক্ষার ভোগান্তিও। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনের কর্মীদের সঙ্গে কথা বলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকার তথ্য পাওয়া গেছে। এর আগে, মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি খালাসে বিলম্ব হয়। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংকট তৈরি হয়। এর প্রভাবে আবাসিক গ্রাহকদের পাশাপাশি সিএনজি চালক ও শিল্প খাতের সংশ্লিষ্টরাও ভোগান্তিতে পড়েন। কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। অনেক স্টেশনে সরবরাহ কম থাকায় সীমিত পরিমাণে গ্যাস বিক্রি করা হয়, আবার কোথাও স্টেশন বন্ধও রাখতে হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সরকারের পক্ষ থেকেও কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট অনেকটাই কেটে যাওয়ার কথা জানানো হয়েছিল। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্টেশনে গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক থাকায় আপাতত সেই ভোগান্তি অনেকটাই কমেছে।