দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নয়টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল শনিবার এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও খুলনা বিভাগে ভারী থেকে অতিভারী এবং উজানে ভারতের অরুনাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় নদীসমূহ সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
রংপুর বিভাগ: গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ভিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় উক্ত নদীসমূহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ বিভাগ: উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে ভুগাই নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। উক্ত নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় নদীসমূহ নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যাদুকাটা, মনু ও ধলাই নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।
চট্টগ্রাম বিভাগ: পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সেলোনিয়া গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।
৯ জেলায় বন্যার আশঙ্কা
